পূর্বধলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার। ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টা থেকে উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব কার্যালয়ে এ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। চলে বিকেল ৬টা পর্যন্ত।
ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে রোগী দেখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. দেলোয়ার জাহান খান। এছাড়া বিভিন্ন বিভাগের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন।

আয়োজকরা জানান, এলাকার সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য ছিল এলাকার যেসব মানুষ আর্থিক বা অন্য কোনো সীমাবদ্ধতার কারণে সময়মতো চিকিৎসা নিতে পারছেন না, তাদের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সাধারণ মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা আয়োজনের দাবি জানান।







