সামাজিক মাধ্যমে চরিত্রহননের কুৎসিত খেলা: অপরাধ রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি

সাম্প্রতিক সময়ে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মূলধারার গণমাধ্যমের আদলে ভুয়া ফেইসবুক আইডি খুলে সত্য-মিথ্যা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি আট বছর বয়সী এক নিষ্পাপ শিশুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ধর্ষণের ভুয়া সংবাদ কেবল একটি পরিবারকেই সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দেয়নি, বরং গোটা উপজেলার আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে। শিশুটির পরিবার স্বয়ং এই মিথ্যা প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচার ও আইনি সুরক্ষার দাবি তুলেছেন। একটি মহল ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে সামাজিক যোগাযোগমাধ্যমকে যেভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তা কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যমের অবাধ ব্যবহারের যুগে একশ্রেণির স্বার্থান্বেষী মহল সংবাদমাধ্যমের অনুকরণে পেজ ও আইডি তৈরি করে জনগণের আস্থা কাজে লাগাচ্ছে। তারা চটকদার ও স্পর্শকাতর শিরোনামে মিথ্যা খবর পরিবেশন করে সামাজিক আতঙ্ক তৈরি করছে। তথ্যের সত্যতা নিশ্চিত না করে কোনো স্পর্শকাতর বিষয়ে রটনা তৈরি করা কেবল নৈতিক অপরাধই নয়, দেশের প্রচলিত আইনেও এটি একটি গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। পূর্বধলার সাম্প্রতিক ঘটনাটি থেকে স্পষ্ট যে, আইনের সঠিক প্রয়োগ ও কঠোর নজরদারির অভাবে সাইবার অপরাধীরা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।
এই অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও স্থানীয় থানা পুলিশের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। প্রথমত, ভুয়া আইডি ও অপপ্রচারের মাধ্যমে সাইবার অপরাধে জড়িত মূল হোতাদের অবিলম্বে শনাক্ত করে "সাইবার নিরাপত্তা আইন"-এর অধীনে গ্রেফতার করতে হবে। দ্বিতীয়ত, ভুয়া আইডির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং মূলধারার সাংবাদিকতার সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকিতে পড়বে।
পূর্বধলার সর্বস্তরের জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষোভ অত্যন্ত যৌক্তিক। প্রশাসন যদি অনতিবিলম্বে কঠোর অবস্থান না নেয়, তবে এই গুজব কেন্দ্রিক বিশৃঙ্খলা ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। ভেকধারী ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে সময়োপযোগী ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করাই এখন সময়ের দাবি। আশা করা যায়, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় এনে পূর্বধলায় সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ ফিরিয়ে আনবেন।
জাকির আহমদ খান কামাল- কলামিস্ট
জাকির আহমদ খান কামাল






