পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ রাত

‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষের চারা বিতরণ ও শ্রেষ্ঠ সমবায় সংগঠনকে সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মী মো. জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়ন সম্ভব।
আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ দুটি সমবায় সংগঠনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।







