পূর্বধলায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ রাত

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে চাইল্ড ভিড বার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উত্তেজনাপূর্ণ ফাইনালে ট্রাইব্রেকারে পাঁচমারকেণ্ডা একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কুমদি একাদশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

যুবসমাজ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মামুন মিয়ার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মোট আটটি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ নওয়াব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অন্তর ইসলাম রুবেল প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাঁচমারকেণ্ডা একাদশ ও কুমদি একাদশ। নির্ধারিত ৩০ মিনিট করে দুই অর্ধের ৬০ মিনিটের খেলায় কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা গড়াই অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে পারায় নিষ্পত্তি হয় ট্রাইব্রেকারে। সেখানে ২-১ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে কুমদি একাদশ।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ওমর ফাহাদ। ধারাভাষ্য দেন দুর্গাপুরের পরিচিত ধারাভাষ্যকার নজরুল ইসলাম। ফাইনাল ম্যাচে কুমদি একাদশের গোলরক্ষক সাব্বির হোসাইন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্সের জন্য মাহবুবুল মারকেন্ডা ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।







