শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলুর রহমান হৃদয় (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান ওই গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে খাওয়াদাওয়া শেষে ঘরে বসে মুঠোফোন দেখছিলেন বজলুর রহমান। এ সময় তাঁর স্ত্রী শেফালী আক্তার ছাগল নিয়ে বাড়ির বাইরে যান। ধারণা করা হচ্ছে, এ সময় জমিতে সেচ দেওয়ার জন্য পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

জুমার নামাজের সময় স্বামীকে খুঁজতে শুরু করেন শেফালী আক্তার। নামাজ শেষে বাড়িতে ফিরে বিষয়টি জানতে পারেন বজলুর রহমানের বড় ভাই মজিবুর রহমান। পরে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে নিজেদের ধানখেতের পাশে সেচ পাম্পের কাছে গিয়ে বজলুর রহমানকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তিনি। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বজলুর রহমানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত