ধানের জাত উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৭ দুপুর

বে-সরকারী গবেষনা প্রতিষ্ঠান বারসিক এ-র আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী শান্তিপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে কৃষকদের নেতৃত্বে ধানের জাত উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালায় ছয়টি গ্রামের ২০ জন যুব নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। কর্মশালায় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে ধানের জাত উন্নয়ন বা ব্রিডিং কার্যক্রমের বিভিন্ন ধাপ ও কৌশল হাতে-কলমে শেখানো হয়।
প্রশিক্ষণে স্থানীয় ধানের জাতের বৈচিত্র্য সংরক্ষণ, জাতের উন্নয়ন এবং কৃষকদের নিজস্ব অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগিয়ে উন্নত বৈশিষ্ট্যসম্পন্ন ধানের জাত উদ্ভাবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এগ্রোইকোলজি চর্চার গুরুত্ব, স্থানীয় ধানের জাত সংরক্ষণ এবং কৃষিতে জীববৈচিত্র্য রক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সায়েদ আহমদ খান বাচ্চু ও বারসিকের কৃষিবিদ জুটন পাল। তাঁরা হাতে-কলমে ধানের জাত উন্নয়ন বা ব্রিডিং কার্যক্রমের বিভিন্ন ধাপ, পদ্ধতি ও কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব ধারণা প্রদান করেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, কৃষক কেবল ফসল উৎপাদনকারী নন, তাঁরা কৃষি জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যগত বীজের গুরুত্বপূর্ণ ধারক। কৃষকদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে ধানের জাত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা গেলে স্থানীয় জাতের বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কৃষির টেকসই উন্নয়ন সম্ভব। এ জন্য কৃষকদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বকে আরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের মো. আব্দুর রব। কর্মশালায় অংশগ্রহণকারীরা হাতে-কলমে ধানের জাত উন্নয়নবিষয়ক জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি নিজ নিজ এলাকায় এগ্রোইকোলজি চর্চার সম্প্রসারণ এবং স্থানীয় ধানের জাতের বৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।







