পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন পূর্বধলার অধ্যাপক শামীমা সুলতানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ রাত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন নেত্রকোনার পূর্বধলার মেয়ে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
রবিবার (১ নভেম্বর) বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতির নিয়োগের পর আনুষ্ঠানিকভাবে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের অন্যান্য সদস্য, পিএসসি সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক শামীমা সুলতানাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন। তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে বহাল থাকবেন।
অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। তিনি পূর্বধলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত প্রিন্সিপাল সিরাজুল ইসলামের মেয়ে। তাঁর বাবা পূর্বধলা ও ধোবাউড়া আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন। ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন অধ্যাপক শামীমা সুলতানা।
পরে তাঁর কার্যালয়ে বসা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না।
পূর্বধলার সন্তান হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির সদস্যের দায়িত্ব গ্রহণ করায় স্থানীয়ভাবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




_medium_1793452276.jpg)


