পূর্বধলায় গাঁজাসহ মাদকসেবী আটক, ১০ দিনের কারাদণ্ড
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২:৫১ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) উপজেলার হোগলা ইউনিয়নের ভিকুনিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক জামাল মিয়া ওই গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে জামাল মিয়াকে এক পুরিয়া গাঁজাসহ মদ্যপ অবস্থায় আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




_medium_1793452276.jpg)


