পূর্বধলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ দুপুর

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
সভায় আরও বক্তব্য দেন রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আব্রাহাম লিংকন ও গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান।
আলোচনা সভায় যুবসমাজের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাঁরা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কারিগরি শিক্ষা ও বিভিন্নমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে পূর্বধলার তরুণরাও উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়তায় স্বাবলম্বী হওয়া দুই উদ্যোক্তা জেসমিন বেগম ও তন্ময় তাঁদের সাফল্য ও উদ্যোক্তা হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদ, একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনকে নিবন্ধন সনদ এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সফল উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।


_medium_1793452276.jpg)




