হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানববন্ধন
আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ রাত
_original_1793293266.jpg)
হাওরের জলজ প্রাণবৈচিত্র্য ও প্রতিবেশ সুরক্ষায় শামুক-ঝিনুকের ভূমিকা অপরিসীম। অথচ নেত্রকোনার হাওরাঞ্চলে লাভের আশায় একশ্রেণির মানুষ অবাধে এসব জলজ প্রাণী নিধন করে চলেছে, যা হাওরের প্রাকৃতিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে। এই উদ্বেগ থেকে হাওরের বাস্তুতন্ত্র রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মদন উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মদন গ্রিন কোয়ালিশন কমিটি, উচিতপুর স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ভলান্টিয়ারস ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মদন গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, "শামুক ও ঝিনুক প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে হাওরের পানি পরিষ্কার রাখে। পাশাপাশি অসংখ্য জলজ প্রাণীর খাদ্য ও আশ্রয়ের জোগান দেয়। কিন্তু দুঃখজনকভাবে জগন্নাথপুর হাওর, জালিয়ার হাওর, ডিঙ্গাপোতা হাওর, গণেশের হাওর, বন্দের হাওর ও মহিষের হাওরসহ বিভিন্ন বিলে অসাধু লোকজন সারারাত ধরে নৌকা ভর্তি করে শামুক-ঝিনুক সংগ্রহ করছে। পরে এগুলো বাণিজ্যিক হাঁসচাষিদের কাছে বিক্রি করা হচ্ছে। এতে হাওরের বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক ঈমাম হোসেন মেহেদী বলেন, "জলজ প্রাণের ওপর এভাবে নিধন চলতে থাকলে হাওর থেকে অনেক প্রজাতি চিরতরে হারিয়ে যাবে। তাই অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অবৈধ নিধন বন্ধ করা জরুরি।"
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শিক্ষক বিপুল রায়, সাংবাদিক পরিতোষ সরকার, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, যুব সমাজের প্রতিনিধি কামরুজ্জামান বাবু, এনসিপির সদস্যসচিব রবিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, হাওরের জেলে, কৃষক, যুবক ও শিক্ষার্থীরা।




_medium_1791014428.jpg)

