নান্দাইলে গ্লোবাল ওয়ানের ১২০ টিউবওয়েল বিতরণ
আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:১২ দুপুর

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত ১২০টি পরিবারের মাঝে বিনামূল্যে ১২০টি টিউবওয়েলের মালামাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় Water Well Project 2026 in Bangladesh-এর আওতায় গাংগাইল ইউনিয়নে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। প্রকল্পটির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য নিরাপদ পানি প্রাপ্তির টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্লোবাল ওয়ান একটি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী, শিশু, এতিম, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, বিধবা ও গর্ভবতী নারীদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এ প্রকল্পের মাঠপর্যায়ের বাস্তবায়ন করছে ‘সেবা ফাউন্ডেশন’ ও ‘গ্রাম উন্নয়ন সংস্থা’। এর আওতায় গাংগাইল ইউনিয়নের ১২০টি নির্বাচিত পরিবারের মাঝে ১২০টি টিউবওয়েলের মালামাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ইউসুফ আকন্দ মজিবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ান বাংলাদেশ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, গাংগাইল ইউপি বিএনপির নেতা মো. আব্দুল্লাহ ভূঁইয়া আনোয়ার, গাংগাইল ইউপি বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বাস্তবায়নকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় গ্লোবাল ওয়ানের উদ্যোগে বিনামূল্যে টিউবওয়েল বিতরণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।


_medium_1791014428.jpg)



