পূর্বধলায় কালবের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, চেয়ারম্যান মোস্তফা ও সম্পাদক নিলয় নির্বাচিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বহুল আলোচিত ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে আনারস প্রতীকে ৭৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ গোলাম মোস্তফা এবং ফুটবল প্রতীকে ৭৪ ভোট পেয়ে সেক্রেটারি (সাধারণ সম্পাদক) পদে জয়লাভ করেছেন নিলয় চক্রবর্তী।
শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, প্রধান পদগুলোতে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। চেয়ারম্যান পদে মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা (আনারস প্রতীক) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার আহাম্মদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৭৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশাররফ হোসেন (আপেল প্রতীক) ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশিক মাহমুদ (বই প্রতীক) পেয়েছেন ৭৩ ভোট।
সেক্রেটারি পদে ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী (ফুটবল প্রতীক) ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মোহাম্মদ রতন খান (দোয়াত-কলম প্রতীক)। তিনি পেয়েছেন ৭৩ ভোট।
পরিচালক (ডাইরেক্টর) পদের সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে ছয়টি পদে নির্বাচিত হয়েছেন—মো. আরিফুজ্জামান (টিউবওয়েল প্রতীক) ৯৪ ভোট, মলি রানী রায় (হাঁস প্রতীক) ৭৭ ভোট, মোহাম্মদ ফারুক হোসেন ফকির (ডাব প্রতীক) ৭৬ ভোট, তানভীর আঞ্জুম (মই প্রতীক) ৭২ ভোট, মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার (বাইসাইকেল প্রতীক) ৭১ ভোট এবং মো. মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব প্রতীক) ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে মো. আরিফুজ্জামান সর্বোচ্চ ভোট পেয়েছেন।
নির্বাচনে ‘রুপন, নিলয়, মোশাররফ পরিষদ’ এবং ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ‘রুপন, নিলয়, মোশাররফ পরিষদ’ থেকে পরিচালক পদে মো. বদরুজ্জামান তালুকদার, মলি রানী রায় ও মো. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ‘মোস্তফা, আশিক, রতন পরিষদ’ থেকে মোহাম্মদ ফারুক হোসেন ফকির, মো. আরিফুজ্জামান ও তানভীর আঞ্জুম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তরুলতা সাহা, সদস্য ও সহকারী পরিদর্শক মৃণাল কান্তি বণিক এবং সদস্য ও পরিদর্শক আল মামুনের যৌথ স্বাক্ষরিত সরকারি সনদের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিশ্চিত করা হয়।
নির্বাচনে উপজেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৮ জন শিক্ষক-কর্মচারী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে বিজয়ীদের অভিনন্দন জানান পরাজিত প্রার্থীরা। এতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতির পরিচয় পাওয়া যায়।







