পূর্বধলার সুনাইকান্দা মসজিদে অপরাধ প্রতিরোধে ওসির সচেতনতামূলক আলোচনা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় জুমার নামাজের পর মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করে মাদক, অনলাইন জুয়া, বিকাশ প্রতারণা ও পানিতে পড়ে শিশুমৃত্যুসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু-কিশোরদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িয়ে না পড়ে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি।

এ ছাড়া পানিতে পড়ে শিশুদের মৃত্যুরোধে অভিভাবকদের সতর্ক থাকা, বিকাশ প্রতারণা থেকে সাবধান থাকা এবং পিতা-মাতার প্রতি সদয় আচরণ করার বিষয়েও মুসল্লিদের সচেতন করেন ওসি।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে ধরে অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় অনুষ্ঠানে সুনাইকান্দা জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।







