ঋণের চাপে পূর্বধলায় যুবকের বিষপানে আত্মহত্যা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০২:২০ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক চাপে কীটনাশক (বিষ) পান করে জাহিদুল খান (৩৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে তার পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ওই এলাকার মো. হুমায়ূন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সবার অজান্তে কীটনাশক পান করেন জাহিদুল। পরে বাড়ির পেছনে ধানক্ষেতের আইলে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় প্রতিবেশী জামেলা খাতুন তাকে দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাহিদুল ব্র্যাক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। পরে তিনি ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিলেন না। এ সময় ব্র্যাকের এক কর্মী তাঁকে আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যে আগের ঋণের টাকা পরিশোধ করতে পারলে তাঁকে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ ঋণ দেওয়া হবে।
ওই আশ্বাসে জাহিদুল স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার করে আগের ঋণ পরিশোধ করেন। এরপর বৃহস্পতিবার (১ অক্টোবর) নতুন ঋণ নিতে কথা অনুযায়ী ব্র্যাকের অফিসে গেলে তাঁকে নতুন করে ঋণ দেওয়া হবে না বলে জানানো হয়। এতে হতাশ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন।
পরিবারের সদস্যদের দাবি, ধার করা টাকা কীভাবে পরিশোধ করবেন-এ নিয়ে জাহিদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁদের ধারণা, ওই মানসিক চাপ থেকেই তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে মরদেহ পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







