দীর্ঘ ৮ বছর পর ভারমুক্ত পূর্বধলা সরকারি কলেজ, নতুন অধ্যক্ষ আকবর আলীর যোগদান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ রাত

জাতীয়করণের আট বছর পর পূর্ণাঙ্গ অধ্যক্ষ পেল নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজ। নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মোহাম্মদ আকবর আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে কলেজে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (ডিজি) কার্যালয়ে যোগদান সম্পন্ন করেন। বুধবার কলেজে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরে অধ্যক্ষের কার্যালয়ে শিক্ষক, সাংবাদিক ও ছাত্রনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনিযুক্ত অধ্যক্ষ। এরপর কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক মোহাম্মদ আকবর আলী ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ সময় পূর্ণাঙ্গ অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমেই কলেজটির প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। সেদিন শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করলেও তিনি দায়িত্ব গ্রহণ না করেই ফিরে যান। ফলে তার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন কার্যকরভাবে স্থায়ী হয়নি।
এদিকে নতুন অধ্যক্ষ মোহাম্মদ আকবর আলীর যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ আট বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করা উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দেয়।
তবে এসব আলোচনা পেছনে ফেলে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর যোগদানের মধ্য দিয়ে পূর্বধলা সরকারি কলেজের দীর্ঘদিনের ভারপ্রাপ্ত অধ্যক্ষনির্ভরতার অবসান হলো। নতুন অধ্যক্ষের নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়ন ঘটবে-এমন প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আকবর আলী বলেন, কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে চান। এ জন্য শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।




_medium_1790769125.jpg)


