পূর্বধলায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া ও যানজট নিরসনে জোর
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ রাত

নেত্রকোণার পূর্বধলায় চুরি, মাদক, অনলাইন জুয়া, যানজটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা সমস্যা নিরসনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধ, বাজারে চুরি ও যানজট নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
সভায় নবযোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুল হক খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দীনসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভায় গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন তাঁর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মাদকের সঙ্গে কিছু ব্যক্তি জড়িত হয়ে চক্র গড়ে তুলেছে। গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ ৫০০টি ইয়াবাসহ একজনকে আটক করেছে বলেও সভায় উল্লেখ করেন তিনি। টাকার প্রলোভন দেখিয়ে স্কুলগামী শিক্ষার্থীদের মাদক ব্যবসায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ ছাড়া শ্যামগঞ্জে দুটি প্রেসক্লাবকে কেন্দ্র করে চলমান বিরোধের বিষয়টি তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আনোয়ার হোসেন।
পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার আইনশৃঙ্খলা কমিটির সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পরবর্তী সভায় উপস্থাপনের দাবি জানান। তিনি অনলাইন জুয়া বন্ধ, ভুয়া ফেসবুক আইডি শনাক্ত করে ব্যবস্থা নেওয়া এবং ভূমি অফিসের সেবা দুর্নীতিমুক্ত করার ওপর গুরুত্ব দেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ খান কামাল সম্প্রতি ‘কর্মস্থল ছেড়ে ২৩ শিক্ষকের মধুপুরে গমন’–সংক্রান্ত খবরের প্রসঙ্গ তুলে শিক্ষা বিভাগের সমন্বয়হীনতার কথা বলেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসে সেবা নিতে গিয়ে শিক্ষকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু পূর্বধলা বাজারে দোকানে চুরি প্রতিরোধ এবং তীব্র যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নবযোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
ইউএনও বিশেষ করে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসন ও পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করেন।
সভায় আনসার ও ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।







