মাধবপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মিস্ মৈত্রী রায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বালুসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবাসপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি)মিস্ মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন, সংরক্ষণ ও পরিবহন রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ বালু ও মাটির অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







