সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় গভীর রাতে স মিলে আগুন, ১০ লাখ টাকার ক্ষতির দাবি


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় গভীর রাতে একটি স মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের ঘর, যন্ত্রপাতি ও কাঠ পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি, শত্রুতার জেরে পেট্রোল ঢেলে মিলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজারসংলগ্ন শফিক স মিলে এ ঘটনা ঘটে।

মিলের মালিক শফিক মিয়া ওরফে শফিক বেপারী বলেন, রাত দেড়টার দিকে ঘাগড়া বাজারের পাহারাদার মইন উদ্দিন তাকে মিলে আগুন লাগার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি মিলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, আগুনে মিলের ঘর, একটি সেলো মেশিন, করাত, বেল্ট, শান পাথর ও কাঠ পুড়ে গেছে। এ ছাড়া মিলের মূল মেশিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্র খুঁজতে গিয়ে মিলের কিছুটা দূরে ১০ লিটার ধারণক্ষমতার একটি ট্যাংকি পড়ে থাকতে দেখা যায়। এতে কিছু পেট্রোলও ছিল বলে দাবি করেন তিনি। এ কারণে তার ধারণা, কেউ শত্রুতার জেরে পেট্রোল ঢেলে মিলে আগুন ধরিয়ে দিয়েছে।

মালিকপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত