সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ রাত

শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারদের আদালতে নেওয়ার সময় নকলা থানার সামনে তাদের স্বজনেরা ভিড় করেন। এ সময় কয়েকজন স্বজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) ও নয়ন মিয়া (১৮)।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত