পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল
_original_1790769125.jpg)
নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি রবিউল আউয়াল ওরফে রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ১৪ দিন পর ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রবিউল আউয়াল ওরফে রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। প্রায় আট মাস আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর চার বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ, প্রতিবেশী যুবক রবিন তাঁকে প্রায়ই উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বাড়ির পাশে গেলে রবিন ইশারায় তাঁকে ডেকে একটি তালাবদ্ধ ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় এক নারী বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে রবিন সেখান থেকে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী ইশারায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর আসামি রবিন পলাতক ছিলেন। পুলিশ সুপারের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করেন। পরে র্যাব-১-এর সহায়তায় ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপরাধ প্রমাণের জন্য ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হচ্ছে।




_medium_1790769125.jpg)


