শতবর্ষী ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে মাউশির উপপরিচালক
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১০:১৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মাউশির ময়মনসিংহ অঞ্চলের সহকারী প্রোগ্রামার মো. আক্তারুজ্জামান।
বিদ্যালয়ে পৌঁছালে উপপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালিব ও সিনিয়র সহকারী শিক্ষক প্রাণতোষ চন্দ্র দে। পরে তিনি বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার ঘুরে দেখেন।

শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণের সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন এবং সংক্ষিপ্ত একটি ক্লাস নেন। পরে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন এবং মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন উপপরিচালক পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৯ সালে তৎকালীন এলাকার জমিদারদের উদ্যোগে শিক্ষার প্রসারের লক্ষ্যে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি ‘মাইনর স্কুল’ নামে পরিচিত ছিল। পরে মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।







