সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

হবিগঞ্জে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১১ অক্টোবর ২০২৬, ১১:১৪ দুপুর

হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে ৭১ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা, ফুচকা ও আতশবাজি জব্দ করা হয়েছে। এ সময় দুটি যানবাহনসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, ৩৬ কেজি গাঁজা, ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি।

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজিসহ শ্রীমঙ্গলের বাসিন্দা জীবন চাষা (২৫) ও রাজন কয়েরী (৩৫) নামে দুজনকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য এবং আটক দুজনের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত