রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনার তিন উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ বিকাল

সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার তিন উপজেলার মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) নেত্রকোনা জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে নেত্রকোনা সদর, বারহাট্টা ও পূর্বধলা উপজেলার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন। প্রশিক্ষণ চলবে আগামীকাল রবিবার (১১ অক্টোবর) পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মুশফিকুর রহমান বলেন, সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি তৃণমূল পর্যায়ে সফলভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য তাঁদের সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত