রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

ইউএনও নিজ হাতে সরালেন ময়লা আবর্জনা - কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি 


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ বিকাল

যশোরের কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। কেশবপুর পৌরসভার উদ্যোগে ওই অভিযানে স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সচেতনতা সৃষ্টির লক্ষে স্কাউট সদস্যরা পৌর এলাকার বাড়িবাড়ি গিয়ে লিফলেট বিতরণসহ পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেন। 


সকাল সাড়ে ৯টায় কেশবপুর পৌর ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের অংশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কারে অংশ নেন তারা। ময়লা আবর্জনা পরিস্কারে অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদসহ স্কাউট সদস্যরা।

হাসপাতালের পিছনে পড়ে থাকা একটি ভাঙ্গা চেয়ারে পানি জমে ডেঙ্গুর বংশ বিস্তার হতে পারে বলে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে চেয়ারটি সরিয়ে ফেলেন। উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদও ময়লা আবর্জনা তুলে ডাসবিনে রাখেন। তাদের দেখাদেখি উপস্থিত অন্যরাও ময়লা আবর্জনা পরিস্কারে উদ্বুদ্ধ হয়ে উঠেন। এরপর স্কাউট সদস্যরা উপজেলার ভোগতীনরেন্দ্রপুর, হাবাসপোল, ভবানীপুর, কেশবপুর সাহাপাড়া, বায়সা, বাজিতপুর ও আলতাপোল এলাকায় বাড়িবাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ বলেন, সম্প্রতি কেশবপুরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ডেঙ্গু রোগি ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত