মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় শিক্ষার্থীদের সচেতনতায় দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ মহড়া


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ দুপুর

দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও আগুন লাগলে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে নেত্রকোনার পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

এতে আগুন নেভানো, গ্যাসের সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।

কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিসের কর্মীরা সচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। 

এ সময় আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়, গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে করণীয় এবং জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম কীভাবে পরিচালনা করতে হয়, তা তুলে ধরা হয়।

মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়। আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়ানো এবং নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, প্রতিবছর বিভিন্ন দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং দুর্যোগ-পরবর্তী প্রস্তুতি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের মহড়ার মাধ্যমে বাস্তব ধারণা দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। এতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়াই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বাড়ি ও পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করে তোলাও গুরুত্বপূর্ণ।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত