গাইবান্ধায় সম্পত্তির বিরোধে,বাবার দাফন আটকালো মেয়ে
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ বিকাল
_original_1791802946.jpg)
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের বোয়ালীদহে বাবার মৃত্যুর পর সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবেন না বলে জানিয়েছেন মেয়ে হালিমা বেগম।এ ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।মৃত ব্যক্তি নাজির উদ্দিন বেপারী।তাঁর ছেলে ইদ্রিস আলী ও মেয়ে হালিমা বেগম।
হালিমা বেগমের অভিযোগ,বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ভাই ইদ্রিস আলী বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন।ফলে বাবার সম্পত্তিতে তিনি কোনো অংশ পাননি বলে দাবি করেন হালিমা।স্থানীয় সূত্রে জানা যায়,নাজির উদ্দিন বেপারীর মৃত্যুর পর তাঁর দাফনের প্রস্তুতি নেওয়া হয়।এ জন্য মাইকিং করে এলাকাবাসীকেও জানানো হয়।তবে দাফনের প্রস্তুতির মধ্যেই সম্পত্তির ভাগ নিয়ে আপত্তি তোলেন মেয়ে হালিমা বেগম।
তাঁর দাবি,বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অংশ বুঝিয়ে দিতে হবে। অন্যথায় বাবার দাফনে সম্মতি দেবেন না তিনি।এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরিস্থিতি সমাধানে স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নেন।এ সময় হালিমা বেগমকে এক লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
হালিমা বেগমের দাবি,নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা নয়, বাবার সম্পত্তিতে নিজের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান তিনি।সেই অধিকার বুঝে না পাওয়া পর্যন্ত দাফনে সম্মতি দেবেন না বলেও জানান তিনি।একদিকে পড়ে রয়েছে বাবার মরদেহ,অন্যদিকে সম্পত্তির অধিকার নিয়ে মেয়ের অনড় অবস্থান,এমন পরিস্থিতিতে এলাকায় সৃষ্টি হয়েছে আবেগঘন পরিবেশ।তবে সম্পত্তি কীভাবে হস্তান্তর করা হয়েছে,সে বিষয়ে ছেলে ইদ্রিস আলীর বক্তব্য পাওয়া যায়নি।পাশাপাশি সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই করা হলে সম্পত্তি নিয়ে বিরোধের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।




_medium_1791802946.jpg)

_medium_1791802537.jpg)
