মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

ঘাগড়ায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের শোভাযাত্রা, গণসংযোগ ও পূজামণ্ডপ পরিদর্শন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান তালুকদার মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নিজের গ্রাম থেকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এবং পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং অনুদান দেন।

মিজানুর রহমান তালুকদার বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে মনিটরিং টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি ও সহযোগিতা করা হচ্ছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’-এই নীতিতে বিশ্বাস করে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

নিজের সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগেও ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়ক সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এ ছাড়া দরিদ্র মানুষকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সহায়তার কার্ড পেতে সহযোগিতা করেছেন। মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসচ্ছল রোগীদের চিকিৎসায়ও সহায়তা দিয়েছেন বলে জানান তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করার অঙ্গীকার করে মিজানুর রহমান তালুকদার বলেন, “নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করব। পাশাপাশি মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়ে ঘাগড়া ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করব।”

এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা তার সামাজিক কর্মকাণ্ড ও এলাকার উন্নয়নে ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে তাকে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত