রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এক দিনে কুকুরের কামড়ে আহত ১১ জন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ রাত

নেত্রকোনার পূর্বধলায় এক দিনে কুকুরের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার এসব ব্যক্তি পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শিশু-কিশোর ও বয়স্করাও রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিরা পূর্বধলা সদর, খলিশাউড়, হোগলা, জারিয়া ও বিশকাকুনী ইউনিয়নের বাসিন্দা।

আহত ব্যক্তিরা হলেন পূর্বধলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রহিমা (৩৯), লাউজানা গ্রামের রেজিয়া (৫৮), নারায়ণডহর লাউজানা গ্রামের আবদুল হেকিম (৬০), বর্ণাকান্দা গ্রামের সাদিয়া (১২), ও তাওহীদ (৯); জারিয়া ইউনিয়নের প্রিয়সী (১৬) ও পূর্ব মৌদাম গ্রামের আবদুল আজিজ (৫০); বিশকাকুনী ইউনিয়নের খোকন মিয়া (২০); খলিশাউড় ইউনিয়নের বর্ণাকান্দা গ্রামের খোকন (৫২) ও  বন্দেরপাড়া গ্রামের কনা (১৪) এবং হোগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মো. সিদ্দিক (৪৫)।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমিনুল ইসলাম বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। কারও আঘাত গুরুতর না হওয়ায় কাউকে হাসপাতালে ভর্তি করা বা অন্য হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

এক দিনে একাধিক ব্যক্তি কুকুরের কামড়ের শিকার হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বেওয়ারিশ কুকুরের নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত