পূর্বধলায় দুর্গাপূজা উপলক্ষে এক মুঠো হাসি ফাউন্ডেশনের উপহার বিতরণ
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ দুপুর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় অসহায় ও দরিদ্র হিন্দু পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এক মুঠো হাসি ফাউন্ডেশন।
শনিবার উপজেলার হোগলা ইউনিয়নের পাটরাদামপাড়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এলাকার অসহায় ও দরিদ্র হিন্দু পরিবারের সদস্যদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এক মুঠো হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা ও পাটরাদামপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপদেষ্টা জুটন কুমার বিশ্বাস ও ইকবাল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লিমন, সাধারণ সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার দাস, কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহসভাপতি লিটন দাস, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লিমন বলেন, ‘এক মুঠো হাসি ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

_medium_1792250478.jpg)





