সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জমি নিয়ে বিরোধে হামলা, বৃদ্ধাকে মারধরের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ জুলাই ২০২৬, ০১:০৯ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদাম গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে আসামিদের বিরুদ্ধে পুনরায় গাছ কেটে ফেলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুলাই সকালে পূর্ব মৌদাম গ্রামের বাসিন্দা কাঞ্চন মালার বাড়িতে একই এলাকার কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন। অভিযোগে বলা হয়েছে, তারা ঘরের বেড়া ও দরজা ভাঙচুর করেন। বাধা দিতে গেলে কাঞ্চন মালার ৮০ বছর বয়সী মা আমেনা খাতুন গুরুতর আহত হন। তাঁর বাম হাতের কবজির হাড় ভেঙে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘর থেকে নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

আহত আমেনা খাতুনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২২ জুলাই কাঞ্চন মালা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেন। পুলিশ মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

বাদীপক্ষের অভিযোগ, পরদিন অন্য আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর তাদের বাড়ির পাশে থাকা তিনটি কলাগাছ ও একটি সুপারি গাছ কেটে ফেলা হয়। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ২৪ জুলাই পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার আসামি শাহীন বেগ। তিনি বলেন, বিরোধপূর্ণ জমির বৈধ মালিকানা তাদের পরিবারের। তার দাবি, প্রতিপক্ষ দীর্ঘদিন আগে জোরপূর্বক জমি দখল করেছে। মারধর, গাছ কাটা ও লুটপাটের অভিযোগও তিনি অস্বীকার করে মামলাটিকে মিথ্যা বলে দাবি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে অন্য আসামিরা আদালত থেকে জামিন পেয়েছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত