মাধবপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সৈয়দ মো. ফয়সল
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:২৬ রাত

দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূলের মতামতকে মূল্যায়ন এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল মাধবপুর উপজেলা, পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সভায় নেতাকর্মীরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংগঠনিক কার্যক্রম এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন,বিএনপি জনগণের দল। তৃণমূল নেতাকর্মীরাই এ দলের প্রাণশক্তি। আপনাদের মতামত, পরামর্শ ও ত্যাগের ওপর ভর করেই দল এগিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মাধবপুর ও চুনারুঘাটের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। কোনো নেতাকর্মী যেন অবমূল্যায়নের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের পাশে আমি অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান বলেন, "বিএনপির শক্তি হচ্ছে তার তৃণমূল সংগঠন। দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকলেই বিএনপি আরও শক্তিশালী হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, মাধবপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। নেতাকর্মীদের নিয়ে আমরা জনগণের পাশে থেকে কাজ করছি এবং ভবিষ্যতেও করব। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা হবে। সবাইকে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করতে হবে।
এ সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, স্থানীয় সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল এবং জনগণমুখী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।







