পূর্বধলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা আংশিক শেষে স্থগিত, আবেদনের সময় বৃদ্ধি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:১৭ রাত

নেত্রকোণার পূর্বধলায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা আংশিকভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তরের নতুন নির্দেশনার আলোকে বাকি পরীক্ষার কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কর্মসূচির আওতায় পূর্বধলা উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে মোট ৭৪৮ জন আবেদন করেছেন। এর মধ্যে ১২১ জন তথ্য সংগ্রহকারী এবং ১২ জন সুপারভাইজার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার (২৫ জুলাই) দিনভর কয়েকজন আবেদনকারীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
এদিকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় জানানো হয়েছে, দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ ও পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আবেদনপত্র জমা দেওয়ার সময় আগামী ২৮ জুলাই ২০২৬ বেলা ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব স্থানে পরীক্ষা চলমান রয়েছে, সেখানে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত রেখে পরবর্তীতে নতুন ও আগের সব আবেদনকারীর পরীক্ষা একসঙ্গে নেওয়া যাবে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বধলায় শনিবারের পরীক্ষার পর অবশিষ্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর আরও জানিয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের প্রাকটিক্যাল, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করা হবে। নতুন ও পুরোনো সব আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিতদের তালিকা প্রকাশের কথা রয়েছে।







