শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরের ঢলের পানিতে ফসলি জমিতে বালুর স্তর: দিশেহারা কৃষক, তথ্য নেই কৃষি বিভাগে 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৩ জুলাই ২০২৬, ১২:৫৫ দুপুর

শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলার পাহাড়ি নদীগুলোতে প্রতিবছর দফায় দফায় পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা, নদী ভাঙ্গন, ফসলের মাঠ ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি ঢলের পানি নেমে গেলে শত শত একর জমিতে বালুর স্তর পড়ে যায়। ফলে প্রান্তিক কৃষকদের ওইসব জমি থেকে বালুরস্তর সরিয়ে চাষাবাদ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কেউ কেউ আবার এসব জমিতে আবাদ করাই ছেড়ে দেয়। 

জানা গেছে, চলতি বছর শেরপুরের পাহাড়ি নদী ভোগাই, চেল্লাখালী, মহারশি ও সোমেশ্বরীতে চার দফায় পাহাড়ি ঢল নেমে আসে। সর্বশেষ ২২ জুলাই বুধবার পর্যন্ত ওইসব নদীর পানি কমে যাওয়ায় জমিগুলোর ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। তবে জেলার উল্লেখিত তিন উপজেলার কী পরিমান ফসলি জমিতে বালুর স্তর পড়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কি করনীয় সে বিষয়ে কোন তথ্য নেই শেরপুর জেলা এবং উপজেলা কৃষি বিভাগে।

নালিতাবাড়ী উপজেলার কলসপার ইউনিয়নের চেল্লাখালী নদীর পাড় সংলগ্ন গোল্লার পাড় গ্রামের কৃষক আমির হোসেন, আলীম, লিটন, নূরুল আমিন, রাজু, উসমান গণি সহ স্থানীয় অনেক কৃষকের অন্তত প্রায় ২০-৩০ একর আবাদী জমিতে ঢলে পানিতে আসা বালু  পড়েছে৷ এতে সামনে আমনের আবাদ করা দূরুহ হয়ে পড়বে৷ 

এলাকাবাসির দাবি, অতি দ্রুত যেন চেল্লাখালি নদীর গোল্লারপাড় এলাকার ভেঙে যাওয়া প্রতিরক্ষা বাঁধটা মেরামত করা হয়৷‌ তা না হলে এ মৌসুমে আবারও ঢলের পানি ব্যাপক ক্ষতি করবে৷

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের সুমেশ্বরী নদীর পাড়ের বালুর স্তর পড়া জমির চাষিরা জানায়, কয়েক দফা ঢলের পানিতে নদীর পাড় ভেঙেছে, আমনের বীজতলা নষ্ট হয়েছে, ঘরবাড়ি ভেঙে গেছে এখন সর্বশেষ এই এলাকায় কয়েক একর জমিতে বালুর স্তর পড়ে গেছে। এখন তারা তারা কীভাবে চাষ করবো সেটা নিয়ে চিন্তায় আছে ।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এবং জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ফসলি জমিতে বালু স্তর পড়েছে এরকম কোন কৃষক আমাদেরকে অভিযোগ করেনি। যে কারণে কী পরিমাণ বালুর স্তর পড়েছে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে আমরা খোঁজ খবর নিয়ে দেখি, তথ্য পেলে পরে জানানো হবে। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত