আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি ঘিরে উত্তেজনা, মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৩:১০ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে কথিত ষড়যন্ত্রের প্রতিবাদ এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিদ্যালয়সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে তারা তাদের দাবি তুলে ধরেন।
আন্দিউড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং এখলাছুর রহমান সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম মেম্বার, শেখ মোহাম্মদ শামীম রেজভী, শেখ উবায়েদ উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা বলেন, বিদ্যালয়ের সভাপতি পদে এলাকার বাইরে থেকে কাউকে মনোনয়ন দেওয়া হলে তা স্থানীয় জনগণ মেনে নেবে না।
এ সময় বক্তারা বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে বিদ্যমান বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিচালনা নিশ্চিত করার দাবি জানান তারা।



_medium_1784797529.jpg)



