হাঁটু পানিতে ডুবে পূর্বধলার কাঁচাবাজার, চরম দুর্ভোগে ব্যবসায়ীরা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:০৪ রাত

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানিতে তলিয়ে যাচ্ছে নেত্রকোণার পূর্বধলা সদর বাজারের কাঁচাবাজার এলাকার জুয়েলারি রোড। রাস্তায় জমে থাকা পানি দোকানে ঢুকে মালামাল নষ্ট হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।
সোমবার (২৫ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, অল্প সময়ের বৃষ্টিতেই পুরো সড়ক পানিতে ডুবে গেছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, ক্রেতারাও বাজারে আসতে পারছেন না। ফলে ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, জুয়েলারি রোড এলাকায় কাঁচামাল, মুদি, জুয়েলারি ও মুরগির দোকানসহ প্রায় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি দোকানের ভেতরে ঢুকে আলু, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য নষ্ট হয়ে যায়। এতে প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।
ব্যবসায়ীদের অভিযোগ, কাঁচাবাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া ড্রেনটি সম্প্রতি সংস্কার করা হলেও কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। ড্রেনের দুই পাশে দেয়াল নির্মাণ করা হলেও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা রাখা হয়নি। ফলে পানি ড্রেনে প্রবেশ করতে না পেরে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকরা দ্রুত ড্রেনের পূর্ণাঙ্গ সংস্কার এবং বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ব্যবসায়ীরা বলেন, “এভাবে চলতে থাকলে ব্যবসায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।”







