পূর্বধলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল কারবারিরা, উদ্ধার ৩০ বোতল মদ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:২৪ সকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায় নি।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা-দেওটোকুন সড়কের পাছমারগেন্ডা এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা ২-৩ জন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে ২৮ বোতল ‘আইস বেয়ার ইট অল ভদকা’ এবং ২ বোতল ‘রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি’ জব্দ করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।







