শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে ও মদসহ আটক ১
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:২১ দুপুর

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেষা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সীমান্তে গত ২১ মে বৃহস্পতিবার রাতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে এবং আসামীসহ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মোট বাজার মূল্য ধরা হয়েছে ৯২ লক্ষ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে মোট ২৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে শ্রীবরদীর দাফির্কোনা নামক স্থান থেকে ৪৫ বোতল মদসহ এক ব্যক্তিকে আটক করা হয় এবং ঝিনাইগাতীর গুবড়া গজারীব বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৭ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা। এই ঘটনায় আটককৃত ব্যক্তি এবং পলাতক অপর একজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিনে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী নামক স্থানে এক অভিযানে ভারতীয় অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে পাচারকালে বিজিবি টহল দলের তৎপরতায় সেখান থেকে বিপুল পরিমাণ ডিসপ্লে জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৮৮ লক্ষ ৬২ হাজার টাকা।
২২ মে শুক্রবার এক প্রেস ব্রিফিং এ ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







