বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ ও মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ মে ২০২৬, ১২:৪৯ দুপুর

শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা অংশ নেন। 

এসময় হাসপাতাল চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. নাজমুল হুদা, মেডিকেল অফিসার ডা. তানজিলা ও ডা. মাইশা, সিনিয়র স্টাফ নার্স হ্যাপি ও রুমা এবং হেড ক্লার্ক মুন্নাবীন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান, স্টোর কিপার মোস্তাক আহমেদ ও নার্সিং ইনচার্জ সাধনা রানীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মস্থলে তাঁদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

তারা আরও বলেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং এসব অপরাধকে জামিন অযোগ্য হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত