শেরপুরে সিএনজি-ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৫
মো: শফিকুল ইসলাম আজাদ
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৭:৪০ বিকাল

শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া আরও দুইজন শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় এখনো নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে একজন ছেলে ও একজন মেয়ে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।







