পূর্বধলা সদর কোরবানির হাটে নিরাপত্তা জোরদার, কমানো হয়েছে হাসিল
আরবান ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:২৭ রাত

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলা উপজেলা সদরের ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাটে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্বধলা জামতলা বাজার এলাকায় পশুর হাট বসবে। এ উপলক্ষে হাটজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে।
উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র পূর্বধলা সদর বাজারের এই পশুর হাটকে ঘিরে নতুন ইজারাদার এনামুল হক হলুদ সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছেন। হাট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত এবং যাতায়াত নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
পূর্বধলা জামতলা বাজার সংলগ্ন মাঠে এ বছর কোরবানির পশুর হাট বসবে। যথারীতি সপ্তাহে দুই দিন-বৃহস্পতিবার ও রবিবার হাট অনুষ্ঠিত হবে। পশু বাঁধার জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।
কোরবানির হাটে বড় অঙ্কের লেনদেন হওয়ায় জালিয়াতি ও প্রতারক চক্রের তৎপরতা ঠেকাতে থাকবে বিশেষ নজরদারি। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকবে হাট কর্তৃপক্ষ।
নতুন ইজারাদার মো. এনামুল হক হলুদ বলেন, “পূর্বধলার এই হাটটি এ অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। হাটে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে আমাদের বিশেষ নজর রয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের সহজ যাতায়াত নিশ্চিত করতে প্রবেশপথ পরিষ্কার রাখা এবং যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।”
তিনি আরও জানান, গরুর ক্রেতা ও বিক্রেতাদের জন্য হাসিল রেটও তুলনামূলক কম রাখা হয়েছে। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য হাসিল নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা করে। তিনি সবাইকে পূর্বধলা সদর পশুর হাটে গরু কেনাবেচার আহ্বান জানান।






_medium_1779259042.jpg)
