এমপি মাছুম মোস্তফার উদ্যোগে হিরণপুরে পুনরায় চালু হলো মহুয়া কমিউটারের স্টপেজ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:১৬ রাত

দীর্ঘদিনের দাবি ও অপেক্ষার পর অবশেষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর রেলস্টেশনে পুনরায় চালু হয়েছে “মহুয়া কমিউটার” ট্রেনের যাত্রাবিরতি।
সোমবার (২৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে স্টপেজ চালু হওয়ায় স্থানীয়দের মাঝে আনন্দ ও স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে।
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা “মহুয়া কমিউটার” ট্রেনটি প্রায় এক বছর পর আবারও হিরণপুর স্টেশনে যাত্রাবিরতি দেয়।

এ উপলক্ষে স্টেশনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি মাছুম মোস্তফা বলেন, “নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, হিরণপুর স্টেশনে পুনরায় ট্রেনের স্টপেজ চালু করা হবে। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনের স্টপেজ চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, হিরণপুর স্টেশনে ট্রেনের স্টপেজ বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে ঢাকা ও ময়মনসিংহগামী যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হওয়ায় অতিরিক্ত সময় ও খরচ বেড়ে যায়। পুনরায় স্টপেজ চালু হওয়ায় এখন যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয়দের ভাষ্য, হিরণপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বাস্তবায়নের ফলে এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। তারা এ উদ্যোগের জন্য সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।







