জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পূর্বধলা উপজেলার জন্য যা চাইলেন এমপি মাছুম মোস্তফা
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৫:৩০ বিকাল

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গঠিত সরকারের প্রথম সংসদ অধিবেশন। অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ, শেষ হয় ৩০ এপ্রিল। প্রথম অধিবেশনে ১৬১, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা মোট ৮ বার কথা বলে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন। প্রতিবারই তিনি তার বক্তব্যের মাধ্যমে পূর্বধলা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং উন্নয়নের জন্য দাবি জানান।
প্রথম বক্তব্যের সুযোগ পেয়েই তাকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর জন্য পূর্বধলা উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। পরে সংক্ষিপ্ত সময়ে সম্পূরক প্রশ্নে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পূর্বধলা উপজেলার জন্য একটি আধুনিক স্টেডিয়ামের দাবি করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যও দেখা গেছে-পূর্বধলার নানা সমস্যা বাদ দিয়ে তিনি প্রথমেই কেন স্টেডিয়াম চাইলেন? এ বিষয়ে এমপি মাসুম মোস্তফার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে অন্য কিছু চাওয়ার সুযোগ ছিল না।
পরবর্তীতে তিনি পূর্বধলা পৌরসভা পুনরায় চালুর দাবিতে জোরালোভাবে কথা বলেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পূর্বধলা পৌরসভা পূর্বে চালু ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার তা বাতিল করে। এতে নাগরিক সেবা হ্রাস পায় এবং উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তাই পূর্বধলার সার্বিক উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভা পুনঃচালুর দাবি জানান।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি উপজেলার কাঁচা রাস্তা পাকা করার দাবি জানান। এ সময় তিনি বলেন, পূর্বধলা উপজেলায় ১ হাজার ৬৩ কিলোমিটার গেজেটভুক্ত রাস্তা রয়েছে, যার মধ্যে ৭৯২ কিলোমিটার অর্থাৎ প্রায় ৭৫ শতাংশই কাঁচা। ফলে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই পূর্বধলাকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ উপজেলায় রূপান্তরের লক্ষ্যে এসব রাস্তা পাকা করার দাবি জানান।
পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা ও ধোবাউড়া উপজেলার মানুষের রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে ঢাকা থেকে জারিয়া পর্যন্ত একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান এবং জারিয়া রেলস্টেশন থেকে দুর্গাপুর হয়ে কলমাকান্দা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রস্তাব দেন। তবে বক্তব্যে ‘ঢাকা’ না বলে ‘নেত্রকোনা’ বলায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এটিকে ‘স্লিপ অব টাং’ বলে উল্লেখ করেন এবং পরে তা সংশোধনের কথা জানান।
শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে বালিকা বিদ্যালয়, একটি আলিয়া মাদ্রাসা ও একটি করে মহিলা কলেজ সরকারি করার দাবি জানান, যা দেশব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কাছে ফ্যামিলি কার্ডের পাশাপাশি শ্রমিক কার্ড ও কৃষিজীবী শ্রমিক কার্ড চালুর দাবি জানান।
তিনি পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে তীব্র যানজট নিরসনে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান। এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি কাজ করছেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি তাঁর প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।
এমপি মাসুম মোস্তফা পূর্বধলা উপজেলা হাসপাতালে চিকিৎসাসেবা উন্নত করতে চিকিৎসকসহ শূন্য পদগুলো দ্রুত পূরণের দাবি জানান। এছাড়া তিনি ধলামুলগাঁও ইউনিয়নের ডেওটুকোন এলাকায় কংশ নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি করেন। এর মাধ্যমে দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বধলা উপজেলার সদরের বাসিন্দা মাওলানা শহিদুল ইসলাম বলেন, “পূর্বধলা উপজেলাবাসীর কণ্ঠস্বর হিসেবে এমপি মাসুম মোস্তফা সংসদে যেসব দাবি তুলেছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতেও তিনি এভাবে এলাকার সমস্যাগুলো তুলে ধরবেন-এটাই আমাদের প্রত্যাশা। তবে শুধু দাবি নয়, বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখতে হবে।”
এ বিষয়ে সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেন, “পূর্বধলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে জনগণের দাবির ভিত্তিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরেছি। এখন এসব দাবির বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব।”

_medium_1777797505.jpg)

 (1)_medium_1777783317.jpg)



