পূর্বধলায় মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি ও সমাবেশ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:১২ রাত

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা সদরের রৌশনারা রোড সংলগ্ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি কাপড়পট্টি ও মধ্যবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. জহুরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার আমির মাহফুজুল হক খান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সহ-সভাপতি মো. শাজাহান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী মূল্যবোধের আলোকে শ্রমিক-মালিক সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বও তুলে ধরা হয়।







