বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আইনশৃঙ্খলা সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নবাগত ওসির


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনভোগান্তি কমানো এবং অপরাধ দমনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পেট্রোল-ডিজেল সরবরাহে নিয়ন্ত্রণ, গ্যাস সিলিন্ডারের দাম তদারকি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পোনা মাছ নিধন বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, কিছু ফিলিং স্টেশনে অনিয়মিত তেল সরবরাহের কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। রাজধলা বিল এলাকায় ইভটিজিংয়ের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন ও মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

সভায় পূর্বধলা থানার নবনিযুক্ত ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় মামলা বা জিডি করতে কোনো ধরনের টাকা লাগে না। এ ধরনের অভিযোগ পেলে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি। মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত