বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা, উন্নয়ন ও সুশাসনে কাজের আশ্বাস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ দুপুর

শ্রীমঙ্গলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমানের সঙ্গে উপজেলার সাংবাদিকদের এক খোলামেলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ।
 
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
 
মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। নবাগত ইউএনও মনোযোগ দিয়ে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং এসব বিষয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
 
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তারা জানান, অনেক সময়ই এমন সভা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকেছে এবং সময়ের সঙ্গে প্রতিশ্রুতিগুলো হারিয়ে গেছে। তবে এবার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস, কথার চেয়ে কাজে প্রমাণ রেখে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলবেন ইউএনও মো. জিয়াউর রহমান।
 
এছাড়া সভায় অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত