বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পুষ্টি বৈষম্য দূরীকরণে পূর্বধলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন  


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৯ দুপুর

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পূর্বধলা এপি এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পূর্বধলার বাস্তবায়নে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহজাদী, নান্দাইল এপিসিও, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং, টেকনিক্যাল স্পেশালিস্ট (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. শাহ সাঈদ ইবনে আজিজ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার বাবলি রংমা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও পুষ্টি কমিটির সদস্যবৃন্দ।

উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বক্তারা পুষ্টি বৈষম্য দূর করতে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন জানান, পুষ্টি বৈষম্য দূরীকরণে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি বলেন, বিশেষ করে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ, সুষম খাদ্য গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত