পূর্বধলায় ফুয়েল কার্ডে স্বস্তি, কমেছে ভিড় ও ভোগান্তি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে। ফুয়েল কার্ড চালুর ফলে মোটরসাইকেলে জ্বালানি নেওয়া সহজ হয়েছে বলে জানিয়েছেন ভোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, এতে ফিলিং স্টেশনগুলোতে চাপ কমেছে এবং দীর্ঘ লাইনের ভোগান্তিও অনেকটা হ্রাস পেয়েছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) দিনভর উপজেলার শ্যামগঞ্জ এলাকার জমজম ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডধারী বাইক মালিকদের মধ্যে অকটেন সরবরাহ করা হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কার্ডধারীকে মাইলেজ এন্ট্রি করে ৭০০ টাকার জ্বালানি দেওয়া হয়েছে।
ফিলিং স্টেশনটির ব্যবস্থাপক আব্দুর বারী জানান, ফুয়েল কার্ড যাচাই করে নির্ধারিত পরিমাণে তেল সরবরাহ করায় আগের তুলনায় চাপ কমেছে। দিনের বেশিরভাগ সময় দীর্ঘ লাইন ছিল না, তবে মাঝে মধ্যে স্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে।
বাইকচালক মাসুম বলেন, “সহজেই ৭০০ টাকার তেল নিতে পেরেছি। কয়েক দিন আগেও এটি কল্পনা করা যেত না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০টি ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। ফলে কার্ডধারীরা নিয়মিত জ্বালানি পাচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরেছে এবং প্রকৃত ভোক্তারা সুবিধা পাচ্ছেন। এতে সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।







