পূর্বধলায় এক রাতে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপে আগুন, গরু চুরির চেষ্টা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:১০ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে। এই ঘটনায় একটি গোয়ালঘরের বেড়া কেটে গরু চুরির চেষ্টা করা হয়, তবে স্থানীয়দের উপস্থিতিতে তা ব্যর্থ হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ৭ নম্বর আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মো. নুরুল আমিন খানের বসতঘরের সামনে দোচালা টিনের ঘরে সংরক্ষিত গরুর খাদ্য হিসেবে রাখা খড়-নাড়ায় আগুন দেওয়া হয়। এ সময় তার গোয়ালঘরের বেড়া কেটে একটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে আশপাশের লোকজনের চিৎকারে তারা গরুটি ফেলে পালিয়ে যায়।
একই রাতে একই গ্রামের আরও চার বাসিন্দা- মো. হাবিবুর রহমান খান, খোকন মিয়া, মো. বিল্লাল মিয়া ও রক্কু মিয়ার বাড়ির সামনে ও পাশের খড়ের স্তূপেও আগুন দেওয়া হয়।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা একে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ করছেন। তাদের দাবি, একই রাতে একাধিক স্থানে আগুন দেওয়া এবং গোয়ালঘরের বেড়া কেটে গরু বের করার চেষ্টা-এ ধরনের ঘটনা স্বাভাবিক নয়। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

_medium_1776936569.jpg)





