সিসি ক্যামেরার নজরদারিতে পূর্বধলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সারা দেশের ন্যায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর পূর্বধলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে, যা নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে উপজেলার মোট ৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে পরীক্ষা গ্রহণ করা হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর পূর্বধলা উপজেলায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৩ হাজার ৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা হলো-পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়: ৮৪২ জন, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়: ৫২২ জন, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়: ৩৮১ জন, হিরণপুর উচ্চ বিদ্যালয়: ৪৫৫ জন, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল -ভেন্যু: পূর্বধলা সরকারি কলেজ): ৪১৭ জন, দাখিল (পূর্বধলা হুসাইনা ফাজিল মাদ্রাসা কেন্দ্র): ২০৪ জন এবং দাখিল (শ্যামগঞ্জ আমিনা মেমোরিয়াল দাখিল মাদ্রাসা কেন্দ্র): ২৪৭ জন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান জানান, প্রথম দিনের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের ভিজিল্যান্স টিম ও ট্যাগ অফিসাররা সার্বক্ষণিকভাবে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।

_medium_1776936569.jpg)





