শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় দুই দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ এপ্রিল ২০২৬, ০১:৫১ দুপুর

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় পৃষ্ঠপোষকতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তত্ত্বাবধানে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদ আলম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং উপজেলা সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

এছাড়াও মেলায় বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে আগামীকাল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত